বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ আবু বক্কর ওরফে টিটো শরীফ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি পাইপগান, তিনটি বন্দুকের গুলি এবং তিনটি ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
টিটো শরীফ ওই গ্রামের শামছুর রহমান শরীফের ছেলে। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারের পর মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ‘গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি টিটো সম্প্রতি এলাকায় ফিরে তার সহযোগীদের সংগঠিত করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে’- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।
তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএইচ





