কিশোরগঞ্জের ইটনা ও মৌলভীবাজারের কুলাউড়ায় বজ্রপাতে দুই ভাই ও বউ-শ্বাশুড়ি নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ হাওরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে রতন মিয়া (২৫) ও মঞ্জিল মিয়া (২৩)।

ইটনা থানার ওসি আব্দুল মালেক জানান, রতন ও তার ভাই মঞ্জিল সকালে শিমুলবাগ হাওরে ধান কাটতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অন্যদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় জয়নাল আবেদীন জানান, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের ভেতরে অবস্থানরত দুলু বিবি ও তার ছেলের স্ত্রী সুইফা বিবি মারা যান।

হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এআর