চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার (২২ মে) সকাল থেকে সচল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন।

তিনি বলেছেন, ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করলেও শনিবার আর বিমান উঠানামা করবেনা। রোববার সকাল থেকে সকল বিমান নির্ধারিত সিডিউল অনুযায়ী উঠানামা করবে।

এর আগে শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়।  

তবে বন্ধ ঘোষণার আগেই আর্ন্তজাতিক রুটের পাঁচটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হয়। এগুলো হচ্ছে, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, ওমানিয়া, দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবং কোলকাতাগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট।

তবে বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, সকাল থেকে অভ্যন্তরীণ রুটের কোন বিমান ঢাকা থেকে চট্টগ্রামে আসেনি। এর ফলে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের সব শিডিউল বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল থেকে বিমানবন্দরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন উইং কমান্ডার রিয়াজ।

ওএফ