টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিয়া গ্রামে বাবার বাড়িতে তার মৃত্যু হয়। তিনি জ্বর, সর্দি কাশি, গলা ব্যথায় ভুগছিলেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এই খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর বাড়ি ঘাটাইলের গারোবাজারে। তিন দিন ধরে স্বামীর বাড়িতে তিনি জ্বর, সর্দি কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। বুধবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তাকে সখীপুরের কালিয়া গ্রামে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় তিনি ওই বাড়িতেই মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, জ্বর, সর্দি কাশি, গলাব্যথা এগুলো করোনাভাইরাস আক্রান্তের প্রাথমিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রাতেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এমবি





