চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৫শ' গ্রাম ওজনের ২টি সোনার বারসহ শফিউল আলম কাজলকে (৩৫) আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া সোনা তার কোমরে লুঙ্গির ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ছিল।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলায় সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আটক শফিউল আলম উপজেলার নাস্তিপুর গ্রামের রবিউল আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবি কম্পানি কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাস্তিপুর গ্রামে কবরস্থানের কাছে অভিযান চালায়। এ সময় সোনা চোরাচালান সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির শফিউল আলম কাজলকে আটক করে।

তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির মধ্যে মোড়ানো অবস্থায় ৫শ' গ্রাম ওজনের ২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৩৫ ব্যটালিয়নে অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনার বার ভারতে পাচার হওয়ার আগেই তাকে আটক করা হয়েছে।

এমবি