বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট–খামারবাড়িমুখী অংশ অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে তারা ফার্মগেট মোড় অবরোধ করলে পুরো এলাকায় যান চলাচল স্থবির হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের ফলে ফার্মগেট, খামারবাড়ি, তেজগাঁওসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও বিচারিক প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত অবস্থায় উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এনএইচ