ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুর বেইলি ব্রিজ মেরামত করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেরামত কাজ এখনও (শনিবার বিকাল সাড়ে ৩টা) পর্যন্ত শেষ হয়নি। ফলে সড়কের দু-পাড়েই আটক পড়েছে শত শত যানবাহন। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজৈর ও মাদারীপুর সদর উপজেলার সীমান্তবর্তী সাধুর বেইলি ব্রিজটির একপাশের ট্রানজম পাত দেবে যায়। তখন থেকেই ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় সওজ কর্তৃপক্ষ। তবে ঢাকা ও বরিশালের মধ্যে যাতায়াতকারী বাস চলাচল স্বাভাবিক ছিল।

শুক্রবার সকাল থেকে ব্রিজটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস চলাচল বন্ধ করে দিয়ে মেরামত কাজ শুরু হয়। এতে বেইলি ব্রিজের দু’পাশে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
যাত্রীবাহী পরিবহনগুলো থেকে ব্রিজের আগে নেমে যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে অপর যানবাহনে উঠতে হচ্ছে।

মাদারীপুর সড়ক ও জনপথ অধিদফতরের সহকারী প্রকৌশলী তানিমুল হক জানান, শনিবার দুপুরের মধ্যে ব্রিজের মেরামত কাজ শেষ হলে যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই