ময়মনসিংহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুন্ডু (৪৪) খুনের ঘটনায় স্থানীয় সন্ত্রাসী সুমন ওরফে পেটকাটা সুমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ময়মনসিংহ আদালতের সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) এ.বি.এম. শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবহন শ্রমিক বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (০১ জুন) সকালে শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন ময়মনসিংহ টু পঞ্চগড় সড়কে চলাচলকারী শামীম এন্টার প্রাইজ পরিবহনের সুপারভাইজার বিশ্বজিৎ কুন্ডু।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে পুলিশ বুধবার (০৩ জুন) শহরের সেহড়া মুন্সিবাড়ি এলাকায় তার বাসা থেকে সন্ত্রাসী পেটকাটা সুমনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, গ্রেফতারের পর সুমন হত্যার দায় স্বীকার করেছে।

কেএইচ