এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার করে নিবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটির সংহতি সমাবেশে এই তথ্য জানান মিডিয়া ইউনিটির উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান।

সমাবেশে দেশের সবগুলো বেসরকারি চ্যানেলের মালিক ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সালমান এফ রহমান আরো বলেন, ‘বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টেলিভিশন চ্যানেলে আর দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার হবে না। গতকাল অ্যাটকোর মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়ে গেছে।’

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ২৯ নভেম্বর মামলা করেন ফরিদুর রেজা সাগর। মামলার আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত মিডিয়া ইউনিটির এক সভায় ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন মাহফুজুর রহমান এবং মোজাম্মেল হক বাবু।

ওই সভায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ‘সংস্কৃতির রাজাকার’বলে আখ্যা দেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন মোজাম্মেল হক বাবু।

জারিফ