গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নয় অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যালিয়ন। এ সময় তাদের কাছ থেকে দুই অপহৃতকে উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। উদ্ধারকৃতরা হলেন, মোঃ শিমন মিয়া (২৮), মোঃ সাদ্দাম(২৪)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, শেখ শাহিন (২৬), মোঃ তারিকুর রহমান (২২), মোঃ রকি ওরেফ জীবন (২০), আবু তারেক (২৫), সঞ্জয় রায় (২৩), মোঃ আল আমিন (২২), মোছাঃ সাবরিনা কবির ওরেফ মৌমিতা (২০), শেখ সাকিব (২৩) এবং মোঃ কাইয়ুম (২৪)।

মাকসুদুল আলম বলেন, গতকাল সোমবার দুপর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১ এর একটি দল গাজীপুরের জয়দেবপুর থানা এলাকার দক্ষিণপাড়া প্রতিবন্ধী নগর সড়কের তিন মাথার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আইইউবিএটি নামক একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাকসুদুল আলম বলেন, ভিকটিম মোঃ শিমন মিয়া গত ৫ মে সিঙ্গাপুর হতে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর সিঙ্গাপুর হতে আসামী শাহীন এর বন্ধু মোঃ সাব্বির (২৫) তাকে বলে সে শিমনের কাছে দুই লক্ষ টাকা পাবে। সাব্বির শাহিনকে বলে শিমন মিয়া টাকা না দিয়ে সিঙ্গাপুর হতে বাংলাদেশে চলে গেছে তাই তাকে মার দিতে হবে। ওই নেওয়ার জন্য শাহীন তার বান্ধবী মোছাঃ সাবরিনা কবিরকে দিয়ে শিমন মিয়া এর মোবাইলে কল করে পূর্ব পরিচিতির ভাব দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করতে থাকে।

একপর্যায়ে তার সাথে দেখা করার জন্য গাজীপুরের জয়দেবপুর থানার কৃষি গবেষণা ইনষ্টিটিউটে গেটের সামনে আসতে বলে। তার কথামত শিমন মিয়া তার চাচাত ভাই সাদ্দামকে নিয়ে সোমবার সকাল সাড়ে ১১টার সময় কৃষি গবেষণা ইনষ্টিটিউট এর গেটের সামনে আসলে ৮/৯ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দু’জনকে গাড়িতে তুলে জয়দেবপুর ভাওরাইদ বনের মধ্যে নিয়ে যায়।

তিনি আরো বলেন, পথিমধ্যে অপহরণকারীরা কাছ থেকে নগদ ৪ হাজার পাঁচশত টাকা ও ১টি স্বর্ণের আংটি নিয়ে নেয় এবং র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বলে চোখ বেধে বনের ভিতর নিয়ে যায়। বনের ভেতর নিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে বলে তোর বড় ভাই সিঙ্গাপুরে থাকে, তাকে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসতে বল না হলে তোর হাত-পা কেঁটে ফেলব। এসময় পাশের আম বাগানে কর্মরত একজন মহিলা ঘটনাটি দেখে লোকজনকে বলে। স্থানীয় লোকজন পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পে খবর দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদেরকে গ্রেফতার করে র‌্যাব- ১।

মাকসুদুল আলম বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অপহৃত দুই ভিকটিমসহ ১টি মাইক্রোবাস ও ৬টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এমআর/কেএইচ