চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার মিডিয়া টাওয়ারের সামনে থেকে অস্ত্রশস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এস আই মহিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক হওয়া দু’জন হলেন, বাঁশখালী উপজেলার মুজতবা আলীর ছেলে মো.আব্দুল মান্নান এবং একই উপজেলার মৃত মো.শাহআলমের ছেলে মো.আজিজ (৩০)।
তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি শাটার গান ও ৩টি বন্দুকের কার্তুজ পাওয়া গেছে।
বাকলিয়া থানার ওসি মো.মহসিন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা বাঁশখালী উপকূলীয় এলাকায় ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত। তবে অস্ত্রের উৎস কি, তারা অস্ত্র নিয়ে কেন নগরীতে এসেছিল সেগুলো জিজ্ঞাসাবাদে জানতে পারব।
তিনি জানান, আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কেএইচ





