রাজধানীর পল্টন এলাকা থেকে নবজাতক শিশুচোর সন্দেহে এক নারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা। ওই নারীর নাম গুলজারা বেগম। গুলজারা বেগম ও তার সঙ্গে থাকা শিশু দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার দুপুরের দিকে গুলজারা নবজাতক একটি শিশুকে নিয়ে পল্টন এলাকায় একটি বাসে ওঠেন। বাসে তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ার কারণে বাসযাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

গুলজারা বেগম পুলিশকে জানিয়েছেন, তার বাসা যাত্রাবাড়ীর ধলপুরে। তার স্বামীর নাম ওসমান আলী।

পল্টন থানার এসআই মিজানুর রহমান বলেছেন, ‘গুলজারা একেক সময় একেক রকম কথা বলছেন। তার আচরণ সন্দেহজনক।’

মিজানুরের ভাষ্যে গুলজারা কখনও বলছেন, ধলপুর এলাকার আকতার হোসেন নামে এক স্বজনের এই শিশুকে তিনি চুরি করেছেন। আবার কখনও বলছেন, বাচ্চাটিকে তিনি ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

তবে আকতার হোসেন কে বা আদৌ এই ঘটনার সঙ্গে এই নামের কারো কোনো সম্পর্ক আছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেআই