গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের ঘটনায় আসামি পক্ষের লোকজন ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছেন। এ ঘটনায় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে আট রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন।

উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মিজু আহমেদ নামে এক যুবককে আটক করেছে।
আহতরা হলেন- গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার, ইসমাইল হোসেন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল জানান, থানা পুলিশের একটি দল উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি তারাজুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের ঘটনায় তার পক্ষের লোকজন আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা একটি মাইক্রোবাসসহ বেশ কিছু যাহনাবাহনে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই