নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা কমান্ডার এরশাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) পঞ্চম আদালত মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রশিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, নগরীর আকবর শাহ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার এরশাদ হোসেন ওরফে জয় ওরফে বিজয় ওরফে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানী শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিএমপির আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি জানান, এরশাদ দিনাজপুরের বিরল উপজেলার বালান্দর গ্রামে শিবিরের সাথী ছিলেন। পরবর্তী সময়ে জেএমবিতে যোগ দিয়ে চট্টগ্রামের দায়িত্বে চলে আসেন।
এরশাদ হোসেনকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ বাগানবাড়ি এনআর গেইট এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে বেশকিছু জিহাদি বই, ডেটোনেটর, গানপাউডার, ককটেল ও গ্রেনেড তৈরির বিস্ফোরক সরঞ্জাম, সাইকেল উদ্ধার করা হয়।
ওইদিন রাতে আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে এরশাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
জেআই





