বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘বিএনপির আশ্রয়ে জামাতিরা দেশে বিভিন্ন ধরনের নাশকতা চালায়। তাই সমগ্র জাতি মিলে বিএনপি নেত্রীকে কোণঠাসা করতে হবে।’

রোববার দুপুরে চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল পরিবর্তন ও আনুষঙ্গিক কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘জামাতিরা হরতালের সময় খালেদা জিয়ার নির্দেশে রেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তাণ্ডব চালায়। তাই জামায়াতকে ধ্বংস করতে হলে বিএনপিকে কোণঠাসা করতে হবে।’

তিনি বলেন, ‘রেল আমাদের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হরতালে সবাই মিলে জামায়াতকে কোণঠাসা করে রেখেছিলাম। এখনও সবাই মিলে তাদের কোণঠাসা করে রাখব।’

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স’র ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড.মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, প্রমুখ।

পরে রেলমন্ত্রী প্রায় ২৯৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের চিনকিআস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল পরিবর্তন ও আনুষঙ্গিক ১৮০ কিলোমিটার কাজের উদ্বোধন করেন।

জেআই