রাজধানীর শাঁখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রজাতির ৫৭টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগের অপরাধ দমন ইউনিট। এ সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেবিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে শুক্রবার সকালে র্যাব-১০ ও বন বিভাগের অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
সাজা প্রদান করা তিনজনহলেন— প্রণীর চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র দাস ও কার্তিক চন্দ্র দাস। প্রণীর চন্দ্র দাস ও প্রদীপ চন্দ্র দাসকে নয় মাস এবং কার্তিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আটক প্রণীর ও প্রদীপের বাড়ি নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে। তারা আপন ভাই। তাদের বাবার নাম অমূল্য চন্দ্র দাস। কার্তিক চন্দ্র দাসের বাবার নাম দেবিন্দ্র চন্দ্র দাস। তার বাড়ি রাজধানীর কদমতলীর জুরাইনে।
অভিযানে অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক ও র্যাব-১০ এর সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহীল হাদি উপস্থিত ছিলেন।
বন পরিদর্শক অসীম মল্লিক জানান, আটককৃতরা নরসিংদী, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে এসব কচ্ছপ সংগ্রহ করে। এরপর প্রতি কেজি মাংস হাজার টাকা দরে শাঁখারীবাজারে বিক্রি করে।
এমআর





