কুমিল্লার চান্দিনায় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পপণ্য বাণিজ্য মেলায় খেলা দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল দর্শকদের উপর ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশুর নাম হৃদয় (১২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা মেডিকেল সেন্টার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, কাঠের গোলক বৃত্তে রেসিং এর সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি মোটর সাইকেল ছিটকে দর্শকদের সারিতে পড়ে।
এ সময় ওই মোটর সাইকেলের চালকসহ সেখানে খেলা দেখতে আসা নারী ও শিশুসহ ছয়জন এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও সাতজন আহত হয়।
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ওএফ





