লুৎফর নামে এক ব্যক্তিকে অপহরণকালে রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোড থেকে সাদ্দাম, রানা ও রনি নামে ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় লুৎফরকে ৫টি স্বর্ণের বারসহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়।
ধানমন্ডি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দিকী বলেন, একটি গাড়ীতে করে অপহরণকারীরা লুৎফরকে তুলে নিয়ে যাচ্ছিল। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ বিষয়টি বুঝতে পেরে গাড়ীসহ তাদের আটক করে। একই সঙ্গে অপহৃত হতে যাওয়া লুৎফরকে ৫টি স্বর্ণের বারসহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, অপহরণকারী ও অপহৃতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





