মাগুরার শালিখা উপজেলায় অবৈধভাবে বিদেশে পাচারের জন্য ৪৯৯টি কচ্ছপ ও ৩৬ কেজি গাঁজাসহ এক পাচারবকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে মাগুরার সিংড়া এলাকা থেকে মাদকসহ পাচারকারীদের আটক করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান-গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শালিখা থানা পুলিশ মাগুরা-যশোর মহাসড়কে একটি প্রাইভেট কারকে বেরিকেড দেয়। এসময় প্রাইভেট কারটি দ্রুত পার্শ্ববর্তী সিংড়া সড়কে চলে যায়। পরে সিংড়া বাজার এলাকায় স্থানীয় ফাঁড়ির পুলিশের সহায়তায় প্রাইভেট কারটিকে আটক করে পুলিশ।
ওই গাড়িতে কয়েকটি বস্তার ভেতর ৪৯৯টি বিরল প্রজাতির কচ্ছপ ও ১৮টি প্যাকেটে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কচ্ছপগুলো বিদেশে পাচারের উদ্দেশে যশোর থেকে ঢাকার গাজীপুর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছেল বলে পাচারকারী রফিকুল ইসলাম জানিয়েছেন।
আটক রফিক যশোরের শার্শা থানার হরিনাপোতা গ্রামের আবদুল মান্নানের ছেলে ।
মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার মিত্র জানান- উদ্ধার হওয়া কচ্ছপগুলো বিরল প্রজাতির ও বিলুপ্তপ্রায়। প্রাকৃতির ভারসাম্য রক্ষায় এগুলো বিশেষ ভূমিকা রাখে।
জেআই





