সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বাসের চাপায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন।
মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি বাস সিএনজি চালিত অটোরিকসাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার ব্রামনগাতি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬২), তার মেয়ে রোজিনা খাতুন (১৬), ছেলে আনোয়ার হোসেন (২৯), ছেলের স্ত্রী মমতা খাতুন (২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার পোড়াবাড়ি জারিলা গ্রামের আব্দুল খালেকের ছেলে সিএনজি অটোরিকসা চালক আরমান আলী (৩০)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সোমবার রাতে মেয়ে রোজিনা খাতুনকে নিয়ে নাকের চিকিৎসা করাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আসেন তার পরিবারের সদস্যরা।
চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরছিলেন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছলে নারায়ণগঞ্জ থেকে রাজশাহীগামী শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা রোজিনা খাতুনসহ তার বাবা, ভাই ও ভাবী নিহত হন।
গুরুতর আহত সিএনজি চালকসহ দুইজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সিএনজি চালক মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাস ও সিএনজি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এমকে





