মাগুরায় ট্রাক উল্টে সড়কের পাশের খাদে পড়ে এক যুবক নিহত হয়েছে। চালকসহ দু’জন গুরুতর আহত।
আজ (শনিবার) সকালে মাগুরা সদর উপজেলার আবালপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর ইসলাম (২৭)। বাড়ি সদর উপজেলার জাগলা গ্রামে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তাইজুল ইসলাম জানান, ট্রাকটি খড়ি (জ্বালানি) বোঝাই করে আলমখালী থেকে জাগলা গ্রামে ফিরছিল। সকাল পৌনে ৮টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় খড়ির নিচে চাপা পড়েন নূর ইসলাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ট্রাকের ওপরে বসে ছিলেন।
গুরুতর আহত হন চালক মো. মামুন (২৫) ও তাঁর পাশে থাকা জসিম উদ্দিন (২৪)। আহত দু’জনকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





