জেলার বাউফল উপজেলা থেকে গুলিভর্তি পিস্তলসহ শাহ মো. জাকিরুল হক লিটন নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার গুসিংগা গ্রাম থেকে বুধবার রাত ৩টায় তাকে আটক করা হয়।

পটুয়াখালী র‌্যাবব-৮-এর কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ মো. জাকিরুল হক লিটনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় দুই রাউন্ড গুলি লোড করা অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তিনি জানান, লিটন পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের সঙ্গে হাতাহাতি হয়। এতে র‌্যাবের কোম্পানি কমান্ডার আহত হন। পরে লিটনকে আটক করে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে নেওয়া হয়। এ ব্যাপারে একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার জানান, এখন পর্যন্ত থানায় লিটনকে হস্তান্তর বা কোনো মামলা করেনি র‌্যাব।