বান্দরবানে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস, ট্রাক, জিপ, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, মাহিন্দ্র মালিক সমিতি।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেএসএস, পিসিপি, মালিক ও শ্রমিক সমিতির নেতাদের নিয়ে আলোচনার মাধ্যমে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গেল ১৯ মে মঙ্গলবার সকালে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি করে আটক করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ও জিপসহ ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীর শাস্তির দাবিতে আগামী রোববার সকাল থেকে বান্দরবান অভ্যন্তরীণ পাঁচটি রুট বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-বাঘমারা, বান্দরবান-রুমা, বান্দরবান-থানছি ও বান্দরবান-বাঙ্গালহালিয়া এই পাঁচটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।





