নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় জহর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এস এম জামাল (২৮) নামে আরও এক পথচারী।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহর আলী রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, সকাল ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জহর আলী ও জামাল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জহর আলীকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের ছেলে সোহেল হাসপাতালে এসে বাবার মরদেহ শনাক্ত করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক।

কেএইচ