সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামে এক চরমপন্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের এক এএসআই আহত হয়েছে।
শনিবার ভোরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। সঞ্জিত নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন জানান, তালা থানার উপ-পরিদর্শক (এসআই) রইচউদ্দিনের নেৃতত্বে পুলিশের একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিল। তেঘরিয়া মোড়ে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে এএসআই বাদশা আহত হন।
এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। অন্যরা পালিয়ে যায়। পরে সঞ্জিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে তালা থানায় কয়েকটি মামলা রয়েছে।
শুক্রবার ভোরে তালায় বন্দুকযুদ্ধে নিহত পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানার একান্ত সহযোগী সঞ্জিত।
এমই





