গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা করা সেই দুই যুবকের পরিচয় ১ মাসেও মেলেনি । গত ২১ জানুয়ারি উপজেলার করতোয়া নদীর পূর্ব পাশে সিসি ব্লকের উপর থেকে পুড়িয়ে মারা লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাব হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, এ ঘটনার পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১মাস ১০দিনেও নিহত যুবকদের পরিচয় কিংবা দাবিদার পাওয়া যায়নি।
তবে, তাদের পরিচয় উদঘাটনের জন্য সদর দপ্তর, সিআইডি ও এসবিসহ দেশের ৪৮৬টি থানায় যোগাযোগ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুই যুবকের বয়স ২২-২৫ বছর হবে। দুষ্কৃতিকারীরা তাদের বাইরে থেকে এনে হত্যার পর পরিচয়-আলামত নষ্ট করার উদ্দেশ্যে উভয়ের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে দিয়েছে।
ওসি আরো জানান, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আলামত সংগ্রহ করে রাখা হয়েছে। তাদের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসাবে পোড়া লাশ দুইটি দাফন করা হয়। আঞ্জুমানে মুফিদুল ইসলাম জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দুইটি দাফন করে।
এমবি





