তুচ্ছ ঘটনার জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে আমজদ উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার পুত্র। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমজদ উল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কলেজ রোডের ভাড়াটিয়া আমজদ উল্লাহর বড় ছেলে আসদ আলী ও তার ভাই শাহেদ আলীর মধ্যে একটি টেবিল নিয়ে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে শাহেদ আলীকে মারধর করে। এ সময় তাকে বাঁচাতে বাবা আমজদ উল্লাহ এগিয়ে গেলে আসদ আলী ও ইসলাম উদ্দিন লাটি দিয়ে তাকে বেধড়ক আঘাত করতে থাকে।
এতে ঘটনাস্থলেই আমজদ উল্লাহ মারা যান। মৃত্যু নিশ্চিত ভেবে ঘাতকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশে দেয়।
এমআর





