পৌরসভায় গত ৫ দিনে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত শনিবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে আট শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। কিছুক্ষণ পরপরই আসছে নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক সুকুমার সরকারের নেতৃত্বে ঢাকা থেকে তিন সদস্যের মেডিকেল টিম গতরাতে চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে। এলাকার পানি এবং রোগীদের মলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতির ভয়াবহতার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত আপডেট দেয়া হচ্ছে বলে জানালেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ মেডিকেল টিমের প্রধান।
তবে এই ৫ দিনেও ডায়রিয়া ছড়ানোর উৎস খুঁজে বের করতে না পারায় বা বিলম্ব হওয়ায় ক্ষোভে ফুঁসছেন শহরবাসী।
পৌর এলাকার মসজিদপাড়া, মাঝেরপাড়া, বাগানপাড়া, জ্বিনতলাপাড়া ও ইসলামপাড়ার বাসিন্দারা জানান, চুয়াডাঙ্গা পৌরসভার সরবরাহ করা পানি তারা পান করেন। এরপর গত শুক্রবার রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন এলাকার নারী ও শিশুসহ সব বয়সি মানুষরা।
তারা জানান, প্রথম দুয়েকদিন পৌরসভার সরবরাহ করা পানি পান করতে অন্যরকম মনে হতো। আর কিছুটা দুর্গন্ধও লাগতো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা বলেন, ‘১০০ শয্যার এ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত আটশতাধিক রোগী নিয়ে চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসক ও নার্সদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডাক্তার স্বল্পতার কারণে পাশের জেলা ঝিনাইদহ হাসপাতাল থেকে আনা হয়েছে অতিরিক্ত ডাক্তার। এরআগে এ বিষয়ে সহযোগিতার জন্য সোমবার রাতেই ঢাকা থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসেন।
এদিকে, চিকিৎসাসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণে এগিয়ে এসেছে আধা সামরিক বাহিনী।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক আনোয়ার জাহিদ জানান, চুয়াডাঙ্গা শহরে মসজিদপাড়া ও বাগানপাড়া ডায়রিয়া আক্রান্ত এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। সেখান থেকে নিয়মিত ওষুধ ও চিকিৎসা দেয়া হচ্ছে। মহল্লায় মহল্লায় বিজিবি সদস্যরা খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং ডায়রিয়া থেকে রক্ষায় করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করছেন।
এছাড়াও অতিরিক্ত রোগী সংকুলানের জন্য সদর হাসপাতালে তাবু স্থাপন করা হয়েছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





