বাগেরহাটে ডাকাতি ও হত্যা মামলায় সোহেল শেখ (২৬) নামে এক জনের ফাঁসি এবং চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, খুলনা জেলার টুটপাড়া এলাকার আল-আমিন ওরফে তুহিন (২৫), একই জেলার রুপসা উপজেলার বাগমারা গ্রামের সোহাগ ওরফে জাহিদ (৩০), বটিয়াঘাট উপজেলার গ্রামের গাঁও গ্রামের মহির শেখ ওরফে নাজমুল (২৭) ও রুপসা উপজেলার শ্রীরাম পুর এলাকার জসিম (৩৫)। রায় ঘোষণার সময় সোহেল শেখ আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৯ জুন রাতে আসামিরা বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ি স্টিল ব্রিজ এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল ছিনতাই করে। এসময় মোটরসাইকেলের থাকা দুই আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে তারা ওই এলাকার শাহিন শেখের বাড়িতে আশ্রয় নেয়। শাহিন এ সময় চিৎকার করলে তারা শাহিনকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা এসে সোহেল ও তুহিনকে আটক করে পুলিশে দেয়।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী মনোয়ার হোসেন জানান, পরে এ ঘটনায় মোটরসাইকেল মালিক গৌরঙ্গ দেবনাথ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ডাকাতি ও হত্যার মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ ২০১২ সালের ৩১ মে আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মামলা চলাকালে সাত জন সাক্ষী দেন। শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন।

এসএ