ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে কন্ট্রাক্টর ও হেলপারের বিরুদ্ধে। নিহতের দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় বুধবার সকাল সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সুজিত রায় (২৫)। তিনি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামের নিখিল চন্দ্র রায়ের ছেলে। আহত দুই ভাই হলেন টিটু রায় (২২) ও পিন্টু রায় (২০)।
আহত টিটু জানান, ‘নেত্রকোনা থেকে ঢাকাগামী নিলয় পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৫৯২৭) তারা গাজীপুরের সাইনবোর্ড যাচ্ছিলেন। ভাড়া নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে কন্ট্রাক্টর ও হেলপার আমাদের বাসের ভেতর মারধর করে। বাস চান্দনা চৌরাস্তায় পৌঁছালে বাসের ভেতর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হন সুজিত। এলাকাবাসী বাসটি আটক করে ও আহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুজিত রায় মারা যান।
সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মিজানুর রহমান জানান, ওই বাসের চালক দুলাল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এএইচ





