বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ কর্মী জাহিদ ইকবাল উজ্জ্বল (২৮) সোমবার রাতে শহরের একটি ক্লিনিকে মারা গেছেন। গত ২৯ সেপ্টেম্বর বিকালে শহরের সার্কিট হাউস এলাকায় তার ওপর হামলা হয়েছিল।

জানা গেছে, ওইদিন শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের সামনে যুবলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেন সবুজ নিহত হন।

এর প্রতিবাদে বিকালে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের সাতমাথা অবরোধ করে। এ সময় সার্কিট হাউজের কাছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহরের রহমাননগর রইচের পুকুরপাড় এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ ক্যাডার উজ্জ্বল গুরুতর আহত হন।

তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহরের একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উজ্জ্বল মারা যান।

এদিকে ঘটনার রাতেই উজ্জ্বলের ভাই সদর থানায় আল-আমিন ও মেহেদী হাসানের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম বাপ্পী জানান, উজ্জ্বল তার সংগঠনের কেউ নয়। তিনি আসামিদেরও চেনেন না।

তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির টিএসআই ফজলে এলাহী জানান, আগের মামলাটি হত্যা মামলা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এসএ