ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের বাহাদুরপাড়ায় ও জগন্নাথপুরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফিরোজ খান জানান, শহরের বাহদুরপাড়ায় বৃহস্পতিবার বিকালে এনামূল হকের দুই ছেলে ফাহিম (১০) ও রিফাত (৮), নজরুল ইসলামের মেয়ে নূপুর (৯) এবং নূর ইসলামের ছেলে লতিফুর (৯) স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
পরে আরেক শিশু পুকুরে গোসল করতে নামলে তার শরীরে ডুবে যাওয়া শিশুদের স্পর্শ লাগে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করে। তারা সবাই সিংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে ফাহিম, নুপুর ও লতিফুর ২য় শ্রেণিতে এবং রিফাত ১ম শ্রেণিতে পড়ত।
তিনি আরও জানান জগন্নাথপুরে একটি পুকুরে ডুবে হৃদয় (১০) নামে আরেক শিশুর মৃত্যু হয়। হৃদয় ওই এলাকার সোলেমান আলীর ছেলে।
পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ, জেআই





