বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৬১ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, সিঙ্গাপুরে প্রবাসী দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সেখানকার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন আরো ১০ বাংলাদেশি নাগরিক।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ডা. সেব্রিনা ফ্লোরা এসব কথা জানান। পাশাপাশি করোনাভাইরাস নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা। চীনফেরত হজক্যাম্পে থাকা ৩১২ জনের ১৪ দিনের পর্যবেক্ষণ ১৫ ফেব্রুয়ারি বিকেলে শেষ হচ্ছে।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক জানান, এ পর্যন্ত মোট ৬১ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলিনি। সিঙ্গাপুরে দুজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বাংলাদেশি রোগীদের যে এরিয়া থেকে পাওয়া গেছিল, সেখানে ১৯ জন কোয়ারেন্টাইনের তালিকায় আছেন। তাঁর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিক আছেন। সেখানকার হাসপাতালে ১০ বাংলাদেশি নাগরিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।’

এমআর