দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
তাই যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া ফেরি ঘাটে নিয়োজিত রয়েছে ১৭টি ফেরি। ছোট, বড় ও মাঝারি আকারের এ ফেরিগুলো দিয়েই চলছে যান পারাপার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, আটটি রো রো, তিনটি কে-টাইপ ও পাঁচটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ফেরি বহরের সঙ্গে আরো একটি নতুন রো রো ফেরি যোগ হওয়ায় বর্তমানে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি।
তিনি আরো জানান, স্বাভাবিক সময়ে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের মত যান পার হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দুই হাজারের অধিক যানবাহন পার হয়েছে।
ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করায় ঘাটে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে, পর্যাপ্ত ফেরি থাকায় এখন পর্যন্ত কোনো সমস্যার সৃষ্টি হয়নি।
এসএইচ





