পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে (৫৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেল ৩টার দিকে পাবনা আমলী আদালত-১ এর বিচারক মো. নাজিমুদ্দৌলা এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। হাশেম সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যায় দুজনকে আটক করা হল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে আটক করা হয়েছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক বলেন, ‘সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে হাশেমকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত না হয়ে তাকে গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করে আমাদের পক্ষের যুক্তি আদালতে উপস্থাপন করে আসামির জামিন আবেদন করেছি। কিন্তু বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত : গত শুক্রবার ভোরে পাবনার হেমায়েতপুরে অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে সদর উপজেলার বাজিতপুর থেকে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম নামে এক শিবির নেতাকে আটক করে পুলিশ। আর রোববার রাতে আটক করা হয় হাশেমকে।

ওএফ