চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি খান দিঘির পাড় এলাকায় একটি বাসে তল্লাশী চালিয়ে ৭ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে পুলিশ তাকে আটক করে।
আটককৃতের নাম আবদুর রহিম (২৫)। সে কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা এলাকার মো. সালেহ আহম্মদের পুত্র।
অভিযানে নেতৃত্বদানকারি লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান পাটোয়ারি জানান, আটক আবদুর রহিম মূলত রফিক নামে এক ইয়াবা পাচারকারীর সহযোগী। তারা দুইজন উখিয়া এলাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে চন্দনাইশ উপজেলার রৌশন হাটে ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চুনতি খান দিঘির পাড় এলাকায় বাসটিতে তল্লাশী চালায়। এসময় রহিমের কাছে থাকা একটি আমড়ার বস্তায় ইয়াবাগুলো পাওয়া যায়।
তিনি বলেন, আটক আবদুর রহিম গাড়ির সামনের দিকের একটি সিটে ছিল। তার কাছে তল্লাশী চালানোর সময় মূল হোতা রফিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





