আগামী ২২মার্চ প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ার মিরপুরে ১শ’ ১টি কেন্দ্রর মধ্যে ৬৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ২২টি কেন্দ্র সাধারণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে।

এর মধ্যে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬টি ও সাধারণ ৩টি। তালবাড়ীয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৪টি, ঝুঁকিপূর্ণ ২টি ও সাধারণ ৩টি। বারুইপাড়া ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ৪টি। ফুলবাড়ীয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ২টি ও সাধারণ ২টি। আমলা ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬টি, ঝুঁকিপূর্ণ ১টি ও সাধারণ ৩টি। সরদপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও ঝুঁকিপূর্ণ ২টি। ছাতিয়ান ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৫টি, ঝুঁকিপূর্ণ ৩টি ও সাধারণ ১টি। পোড়াদহ ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও সাধারণ ২টি। কুর্শা ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি ও সাধারণ ২টি। মালিহাদ ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি, ঝুঁকিপূণ ১টি ও সাধারণ ১টি। আমবাড়ীয়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭টি, ঝুঁকিপূণ ১টি ও সাধারণ ১টি।

বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুজ্জামান নিশ্চিত করছেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মিরপুর উপজেলায় মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র নেতাকর্মীরা।

প্রায় প্রতিদিন এ উপজেলার কোন না কোন ইউনিয়নে দু’দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে রাজনৈতিক অঙ্গ এখন উত্তাপ্ত হয়ে উঠেছে। তবে বিএনপি, জামায়াতসহ অন্যান্য সংগঠনের প্রার্থীরা দ্বন্ধ-সংঘর্ষ এড়িয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে বিএনপি নেতাকর্মীরা আশা করছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হলে সব কয়টি ইউনিয়নেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করবেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামীলীগ-জাসদ দু’দলের মধ্যে উত্তেজনার পারদ ততই বাড়ছে এই উপজেলায়।

গত মঙ্গলবারও এখানে জাসদ-আওয়ামীলীগের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়া অভিযোগ পাল্টা অভিযোগ করছেন নেতারা। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও সাধারণ ভোটাররা নানা প্রশ্ন তুলছে।

কুষ্টিয়ার (মিরপুর-ভেড়ামারা) এলাকার মানুষ তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু অপরদিকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এর ফলে স্থানীয় প্রশাসন কোন দিকে যাবে এ নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে ভোটারদের মধ্যে। দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে সাধারণ ভোটাররা আতংকের মধ্যে পড়েছে। ভোটাররা নির্বিঘে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের নেতারা যেকোন ভাবে নৌকা প্রার্থীদের বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে। তারা আশা করছেন মিরপুরের ১১টি ইউনিয়নের মধ্যে অন্তত ১০টি ইউনিয়নেই তারা নির্বাচিত হবেন।

 তফসিল ঘোষণার পর থেকেই মিরপুর উপজেলার ১১ ইউনিয়নেই উত্তেজনা বিরাজ করছে। উপজেলার ৯টি ইউনিয়ন প্রার্থী দিয়েছে জাসদ। দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। এদিকে প্রতিদিনই প্রচারণায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা। হামলায় আহত ও ভাংচুরের মত ঘটনা ঘটছে।

জাসদের নেতারা অভিযোগ করছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন ইউনিয়নে জনসভা করে উস্কানীমূলক বক্তব্য দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বহিরাগত সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে। জাসদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে তারা।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান জানান, কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে সার্বিক পরিস্থিতি ভাল আছে। সামনে যাতে এসব ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

 

এমআইএস।