কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। এসময় দুই বিজিবি সদস্য আহত হন।
বৃহস্পতিবার টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়া গ্রামের পূর্বপাশ বরাবর নাফনদী কাটাখাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)।
টেকনাফস্থ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের খবরে অভিযানে যায়। অবস্থান টের পেয়ে গুলিছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের মৃতদেহ ও এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি ধারালো কিরিচ জব্দ করেছে বিজিবি।
এএস





