নজরুল পুরস্কার ২০১৪- তে ভূষিত হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও শবনম মুশতারী।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমী।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জয় বাংলা স্লোগানটি মূলত নজরুলের কাছ থেকেই নেওয়া। নজরুলকে জীবনে ধারণ করতে না পারলে বাংলাদেশ পূর্ণতা পাবে না।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব বেগম আকতারী মমতাজ। কাজী নজরুল ইসলামকে নিয়ে একক আলোচনা করেন নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এ পুরস্কার প্রাপ্তি অত্যন্ত গৌরবের। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের নাম। নজরুলের স্বতন্ত্রের মধ্যে আছে বহুমুখিতা।

নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী বলেন, আমি এ দুর্লভ পুরস্কারের যোগ্য কি না জানি না। এর সঙ্গে মানুষের ভালোবাসা জড়িয়ে আছে বলে এটা গ্রহণ করলাম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া একক গান পরিবেশন করেন বেশ কয়েকজন নজরুল সংগীতশিল্পী।

কেএইচ