বরগুনায় আলোচিত হত্যাকাণ্ড রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে স্কুলছাত্র রাতুল শিকদারকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে রাতুল শিকদারকে কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা বলা যাবে না।
এনিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ মোট ছয়জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালের দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান তিনি।
জেড





