কক্সবাজারের সঙ্গে রেললাইন সংযোগের দাবিতে পর্যটন উন্নয়ন আন্দোলন শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘রেললাইনই কক্সবাজারের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারে।’

তিনি বলেন, ‘বহু বছর ধরে পরীক্ষা নিরিক্ষা চলছে। কিন্তু কক্সবাজারে রেললাইন নির্মাণ হয়নি। অথচ পর্যটন রাজধানী কক্সবাজারের সঙ্গে সরাসরি রেলযোগাযোগ দেশের মানুষের প্রাণের দাবি। এই দাবিকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারে রেললাইন হলে দেশ উন্নতির পথে আরও অনেক দূর এগিয়ে যেতে পারতো। অবিলম্বে ট্রেন টু কক্সবাজার চালু করতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, রোটারিয়ান মোহম্মদ জালাল, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউর রহমান বদি ও ছাত্র প্রতিনিধি সাজেদুল আলম। সভাপতিত্ব করেন, পর্যটন উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক সাদেক রহমান।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ