রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই বাসের সংঘর্ষে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শাহবাগ থেকে পল্টনের দিকে যাওয়ার সময় বিহঙ্গ (ঢাকা মেট্রো ব-১৪-২০৬১) পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিকল্প পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়।

বাস দুটির সংঘর্ষে বিহঙ্গ পরিবহনের অন্তত ৫ যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পুলিশের গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,আহত মর্জিনা ইসলাম (৪৭) ও তার স্বামী মোজাহারকে (৫৭) ঢামেকের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। মোজাহারের মাথায় আঘাত লেগেছে এবং তার স্ত্রীর হাতের নিচে অনেকখানি কেটে গেছে।

চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে গাড়িটি আটক করা হয়েছে।

এমকে