নিখোঁজের ৭দিন পর নাটোরের বাগাতিপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে আব্দুর রউফ (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রউফ উপজেলার ভিতরভাগ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, আব্দুর রউফ সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আশেপাশের কোথাও বা আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই ঘটনার পরদিন মঙ্গলবার আব্দুর রউফ নিখোঁজ রয়েছে বলে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তারপর রোববার সকালে বিদ্যালয়ের আশেপাশে গন্ধ ছড়িয়ে পরলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে আব্দুর রউফের মৃতদেহ উদ্ধার করে।

প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থ লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান মনিরুল ইসলাম।

এম এ