প্রথম রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনে মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

দোকান মালিক সমিতির নেতারা বৈঠকে এ ধরনের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী তাদের দোকান খোলা রাখার অনুমতি দেন। সাধারণ নিয়মে রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে গত রমজান মাসের পনের রোজার পর থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

নসরুল হামিদ জানান, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিং মুক্ত। তবে ওই সময় বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানান তিনি। একইসঙ্গে সেহরি ও ইফতারের সময় এসি ব্যবহার না করতেও সবার প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান শাহীনুর ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি এমএ কাদের কিরণসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসএইচ