চতূর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমান বেতনের দাবিতে অনশনে বসেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ৯টায় কয়েকশ গ্রাম পুলিশ এই কর্মসূচি শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত অনশন চলবে বলে তারা জানিয়েছেন।
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ আলীম বলেন, সারা দেশে চার হাজার ৪৮৮টি ইউনিয়ন পরিষদে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ কাজ করছেন।
এদের মধ্যে প্রায় চার হাজার নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছেন।
গ্রাম পুলিশদের মাসিক বেতন তিন হাজার টাকা। এই টাকাও দুই ভাগে দেওয়া হয়। অর্ধেক বেতন ইউনিয়ন পরিষদের কোষাগার এবং বাকিটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।
এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার থাকেন, যার মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা। এই টাকাও দুই ভাগে দুই জায়গা থেকে দেওয়া হয়।
বর্তমান বাজার মূল্যে এই টাকায় মাস চালানো ‘দুষ্কর’ বলে মন্তব্য করেন আলীম।
“সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের যে বেতন দেয় সে পরিমাণ বেতন আমরা দাবি করছি,” ৩০০০ টাকায় আমাদের সংসার চলেনা বল্লেন সংগঠনের মহাসচিব এমএ নাছের।
দাবি পূরণ না হলে ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে গ্রাম পুলিশ সদস্যরা কালোব্যাজ ধারণের পাশাপাশি ১০ মে থেকে তিনদিন ইউনিয়ন পরিষদে হাজিরা বর্জন ছাড়াও আরও কঠোর কর্মসূচী গ্রহন করার কথা জানালেন সংগঠনের মহাসচিব এমএ নাছের।
এসএম





