রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। আটকরা হলেন- তানভির আলম তালুকদার ওরফে তানজিল (৩০) এবং তার সহযোগী মো. মুরাদ হোসেন (২৭)। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব সদর দফতরে লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদল আলম রবিবার রাতে এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি জানান, র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে তানজিল ও মুরাদকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা অবৈধ অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশে তারা ওই স্থানে অবস্থান করছিল।

তিনি আরও জানান, তানজিল শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের একজন সক্রিয় সদস্য। বিভিন্ন সময় ফোনের মাধ্যমে মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করত সে।

মাকসুদ জানান, তানজিলের পিতার নাম মো. শাহ আলম তালুকদার। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। মুরাদের পিতার নাম মো. সেলিম হোসেন জুম্মন। তার গ্রামের বাড়ি নীলফাসারীর সৈয়দপুরে।

এএইচ