পর্যটন নগরী কক্সবাজার শহরের প্রবেশদ্বার কলাতলীর ডলফিন চত্বর থেকে সমুদ্র সৈকত পর্যন্ত নান্দনিকভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

সেখানে বিদ্যমান সড়কটি দুই লেনে উন্নীত করা হবে। সড়কের পাশে থাকবে প্রশস্ত ফুটপাত ও ড্রেন। চারপাশে সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হবে।

ডলফিন চত্বর হয়ে সৈকতের দিকে এগুতেই হাতের বামপাশে দৃষ্টিনন্দন সুবজঘেরা পার্কের আবহ পাবেন পর্যটকরা।

সেখানে গাছের ছায়ায় বসে বিশ্রামের জন্য চেয়ার ও ছাউনির ব্যবস্থা থাকবে। পর্যটকরা ওই মনোরম প্রাকৃতিক পরিবেশে বসেই সমুদ্র দর্শন করতে পারবেন। এসব পরিকল্পনার কথা রাইজিংবিডিকে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

তিনি আরো জানান, ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্প্রতি ‘কলাতলীর প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যবর্ধন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী হয়েছে জেলা পরিষদ। ইতিমধ্যে জেলা পরিষদ থেকে প্রস্তাবিত প্রকল্পের অধীনে ৩০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়াও। বরাদ্দকৃত টাকায় প্রথম ধাপে ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এইচকেসি এন্টারপ্রাইজ’।

এসএম