যশোরে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পুলেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার সলিথা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিচালক (এসআই) হেমায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্দিক নিজেকে সেনাবাহিনীর মেজর, কোথাও এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
সম্প্রতি পুলেরহাট এলাকার এক কলেজছাত্রীর কাছে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সুসম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বেনাপোলে ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে আটকে রাখেন।
১০ থেকে ১২ দিন পর ওই ছাত্রীর মা থানায় অভিযোগ করলে শনিবার বেনাপোলের সীমান্ত এলাকা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে পুলেরহাট এলাকা থেকে সিদ্দিককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
এমকে





