চাঁপাইনবাবগঞ্জে আমের কার্টন থেকে ৪৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের কাছে শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-শিবগঞ্জের কালুপুর দক্ষিণপাড়ার মনিরুল ইসলামের ছেলে রাজিত বিল্লাহ রাজু ও একই এলাকার মৃত ইউসুফ মণ্ডলের ছেলে আব্দুল কাইয়ুম।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-পাঁচ ক্যাম্পের মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রানীহাটি বাজারের কাছে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটিতে তল্লাশি চালায়। এসময় ভটভটিতে থাকা আমের কার্টনের ভেতরে পিস্তলের ৪৫ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

পরে ভটভটিতে থাকা ওই দু’জনকে আটক করা হয়। ভটভটিটি এসআর কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়া আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিল বলে জানা গেছে।

এমকে