গাইবান্ধায় ছয় বছরের শিশু তাসিনকে অপহরণের পর হত্যার দায়ে তিন যুবকের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো জাহিদ, রুবেল ও পাভেল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলামের শিশুপুত্র তাসিনকে তার নানাবাড়ি পাশের পীরগাছা গ্রাম থেকে অপহরণ করে ওই তিন যুবক।

পরে তাসিনের পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে তারা তাসিনকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় তাসিনের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

এমএনজে